ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও ভাষা শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ ডিগ্রিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও একমত হয়েছে উভয় পক্ষ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ভিসির অফিস সংলগ্ন সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ঢাবি ভিসি প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং দেশের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও যৌথ ডিগ্রিসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সহযোগিতামূলক কার্যক্রম রয়েছে। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন সম্ভব।

ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গঠনে ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার পাশাপাশি কোরিয়ান, জাপানি ও জার্মানসহ বিভিন্ন ভাষা শেখানো হয়। বিশেষ করে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন।

ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, মিয়ানমার বা বার্মিজ এবং বাংলা ভাষা বিষয়ে শিক্ষা কার্যক্রম রয়েছে। বাংলা ভাষা শিক্ষা কার্যক্রমটি সম্প্রতি চালু হয়েছে এবং চলতি বছর ১৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

তিনি বলেন, ভাষা শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও যৌথ ডিগ্রির পাশাপাশি কৃষি, প্রকৌশল, নতুন মাধ্যম ও ডিজিটাল প্রযুক্তি, শিল্পকলা এবং অন্যান্য আন্তঃবিষয়ক ক্ষেত্রেও দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করতে পারে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভাষা শিক্ষা, একাডেমিক ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ ডিগ্রি কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে একমত হয়।