একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

ফন্ট সাইজ:

সারা দেশের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, আগামী ২রা সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৩শে সেপ্টেম্বর।

সোমবার প্রকাশিত নীতিমালায় বলা হয়, কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরতদের সন্তানদের জন্য ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারের উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না।

বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত বিষয়ে ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগে ভর্তির সুযোগ থাকবে।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও বিভাগ পরিবর্তন ও ভর্তির সুযোগ রাখা হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থী কলেজ, বিভাগ বা বিষয় পরিবর্তন করতে পারবেন। তবে একবার ভর্তি হওয়ার পর বোর্ডের পূর্বানুমতি ছাড়া অন্য কলেজে যাওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া যাবে না।

নীতিমালায় নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়া হয়েছে। কলেজগুলোকে ভর্তি-সংক্রান্ত তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। নির্ধারিত আসন, তালিকা ও সময়ের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ভর্তি নিতে পারবে না। এছাড়া বোর্ড অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না।

মাইগ্রেশনের ক্ষেত্রে ভর্তি-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী বোর্ডের অনুমোদন সাপেক্ষে কলেজ, বিভাগ বা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে। তবে একবার ভর্তি হওয়ার পর বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে অন্য কলেজে যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া যাবে না। একই সঙ্গে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।