রংপুরে ‘পরকীয়া’র বলি যুবক, স্বামীসহ প্রেমিকা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্ত্রী সন্তানসহ চারজনকে হত্যার ঘটনার পর এবার আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। আর এ ঘটনায় সোমবার প্রেমিকা ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরের হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি সড়ক থেকে আবু বকর সিদ্দিক নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবক হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হক বাজারের রাজা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,  রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরে যান। রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের লোকজন জানতে পারে সিদ্দিককে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড়ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশের তদন্তে পরকীয়ার বিষয়টি উঠে এলে হারাগাছ এলাকার সাজু মিয়ার স্ত্রী মুন্নি বেগম (৩০) ও সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, হারাগাছ থানার পুলিশ মুন্নিকে আটক করে এবং পিবিআই স্বামী সাজু মিয়াকে গ্রেফতার করে। বর্তমানে দুইজনই পিবিআই হেফাজতে রয়েছে।