টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির দুঃসময় কিছুতেই কাটছে না। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) কানাডিয়ান ক্লাব টরন্টো এফসির কাছে ঘরের মাঠে ২-১ গোলে হার দেখলো ফ্লোরিডার দলটি। লীগে এটি তাদের সবশেষ পাঁচ ম্যাচে চতুর্থ হার। এই জয়ে প্লে-অফের লড়াইয়ে ভালোভাবেই ফিরেছে টরন্টো। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৫৯ থেকে ৬২ মিনিটের ঝড়ে দুই গোল করে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। চোট ও রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মায়ামি। অবশেষে ৮২ মিনিটে রদ্রিগো ডি পলের নান্দনিক ও ডিফেন্সচেরা পাস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান মায়ামি অধিনায়ক মেসি।
চলতি মৌসুমে এটি তার ১৪তম এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ৯২৩তম গোল। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো মেসিরা। তবে শীর্ষ দল ন্যাশভিলের (৪৯) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ১০-এ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে এটি মায়ামির ষষ্ঠ জয়হীন ম্যাচ। ম্যাচ শেষে দলের সামপ্রতিক ফর্ম ও মানসিক অবস্থা নিয়ে কথা বলেন মায়ামি কোচ গুইলের্মো হোয়োস। তিনি বলেন, ‘বর্তমানে আমরা এমন এক ফলাফল সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যা আগে কখনো দেখিনি। এই সংগ্রাম আমাদের মানসিকতায় প্রভাব ফেলছে, যার কারণে অনেক সময় সবকিছু আমাদের অনুকূলে যাচ্ছে না।’
দায় নিজের কাঁধে নিয়ে আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘আমি আবারো বলছি এবং সবসময় একই কথা বলি- যখন আমরা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন এর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমার সহকর্মীদের নিয়ে আমাদের দ্রুত পরিস্থিতি বদলানোর উপায় বের করতে হবে।’ অন্যদিকে, ২২ মিলিয়ন ডলারে টরন্টোতে যোগ দেয়া মার্কিন ফরোয়ার্ড জশ সার্জেন্ট জয়ের পর আনন্দ প্রকাশ করে বলেন, ‘সবকিছু নিখুঁত চলছে বলে দাবি করবো না। আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, তবে এই দলের লড়াই করার মানসিকতা শেষ পর্যন্ত বজায় থাকে। এটি আমাদের জন্য একটি বিশাল জয়।’ সামপ্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলার দিক থেকেও চাপে রয়েছে মায়ামি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের মাথা ও ঘাড়ে আঘাত করার অভিযোগে সম্প্রতি মেসি ও ডিফেন্ডার ইয়ান ফ্রে’কে জরিমানা করেছে এমএলএস কর্তৃপক্ষ।
