জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে গত এক সপ্তাহে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) । পাশাপাশি একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর প্রয়োগ করে গত ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত এবং বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয় জানিয়েছে সংস্থাটি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ২২ আগস্ট ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মামলা দায়ের করা হয়। একই সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকার পাশাপাশি পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে মোট ১৫টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গত ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে সামারি ট্রায়াল পরিচালিত হয়। ওই অভিযানে কোনো জরিমানা করা না হলেও তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাদ্য ব্যবসায়ী ও উৎপাদকদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা, নিয়মিত মনিটরিং, গবেষণা এবং জনসচেতনতা কার্যক্রমকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, খাদ্য নিরাপদতার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করা হবে। জনগণের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।
