জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীল ফলাফল ও কার্যকারিতা নিয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন। তার উপস্থাপিত গবেষণাপত্রের শিরোনাম ছিল ‘ কারেকশনস ইন মাইক্রোক্রেডিট প্রোগ্রামস ফর প্রোডাক্টিভ আউটকামস: অ্যান এমপিরিক্যাল স্টাডি অন ওসমানীনগর উপজেলা অব সিলেট ডিস্ট্রিক্ট’।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, গবেষণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত ও গতিশীল করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা একাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি করা জরুরি। তিনি বলেন, এ ধরনের গবেষণা সেমিনার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও একাডেমিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে। মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীল ফলাফল এবং এর কার্যকারিতা নিয়ে পরিচালিত এ গবেষণা দেশের আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রো-ভাইস চ্যান্সেলর আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভবিষ্যতেও দেশ ও সমাজের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হবেন বলে তিনি আশা করেন।
সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি গবেষণাপত্রটির প্রশংসা করে বলেন, গবেষণার বিষয়বস্তু, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনার ক্ষেত্রে গবেষক প্রশংসনীয় কাজ করেছেন। এ ধরনের গবেষণা একাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রটি মানের দিক থেকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত গবেষণাপত্রের তুলনায় কোনো অংশে কম নয়। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।
