নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালিয়ে কয়েক ডজন মুসল্লিকে অপহরণ করেছে দেশটির সশস্ত্র বন্দুকধারীরা। শুক্রবারের এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্সের।
দেশটির পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার ডেকারা জেলায় অবস্থিত কপেনইয়া মসজিদে হামলা চালায় সশস্ত্র দলটি। এর আগে তারা গিদান-জানা ও কপেনইয়া গ্রামেও হামলা চালায়।
তিনি বলেন, হামলার পর ঘটনাস্থলে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে কতজনকে অপহরণ করা হয়েছে, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স জানিয়েছে, হামলায় ৬০ জনের বেশি মুসল্লি অপহৃত হয়েছেন। ডেকারা ও বর্গুর আরও তিনটি এলাকায় জুমার নামাজ চলার সময় প্রায় একই সময়ে হামলা চালানো হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য গণঅপহরণ সাম্প্রতিক সময়ে ব্যাপক আকার ধারণ করেছে। স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ নামে পরিচিত ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্রগুলো প্রায়ই গ্রাম, স্কুল ও মহাসড়কে হামলা চালিয়ে মানুষকে অপহরণ করে।
