চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ই ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ১৫ই ডিসেম্বর।
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ই ডিসেম্বর মঙ্গলবার বাংলা, ১০ই ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ই ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ই ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ের প্রতিটির পরীক্ষাই হবে ১০০ নম্বরে। প্রতিটি পরীক্ষার জন্য সময় দেয়া হবে তিন ঘণ্টা। শেষ দিনে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই বিষয়ের জন্য মোট তিন ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে এক ঘণ্টা ৩০ মিনিট।
