বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ একাধিক ব্যক্তিকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের প্রত্যক্ষ সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাইফুর রহমানকে হাজির করার পর শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
চিফ প্রসিকিউটর জানায়, সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদন দাখিল করেছিলেন, তাতে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, সাইফুর রহমান র্যাবে কর্মরত ছিলেন এবং জিয়াউল হাসানের অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
এছাড়া জিয়াউল হাসানের মামলায় সাক্ষ্য দেওয়া কয়েকজন সাক্ষীর জবানবন্দিতেও সাইফুর রহমানের নাম এসেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।
প্রসিকিউটর বলেন, ‘ইলিয়াস আলীসহ আরও অনেক ভিকটিমকে গুমের ঘটনায় সাইফুর রহমানের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাইফুর রহমানের বিরুদ্ধে তদন্ত মাত্র শুরু হয়েছে। ফলে তদন্তের স্বার্থে এ মুহূর্তে তার বিরুদ্ধে থাকা সব তথ্য-প্রমাণ প্রকাশ করার আইনগত সুযোগ নেই। তদন্ত এগিয়ে গেলে এ বিষয়ে আরও তথ্য সামনে আসবে।’ প্রসিকিউশনের আবেদনের পর সাইফুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
