মালিবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় আহত নারীর চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর রমনা থানাধীন মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মোছা: লাকি বেগম (৪২) নামের এক নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক)মৃত্যু হয়েছে। তিনি পেশায় চাকরিজীবী ছিলেন।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বুধবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
নিহত লাকি বেগমের মেয়ে মোছা:আমেনা আক্তার জানান, আমার মা চাকরিজীবী। অফিস শেষ করে বাসায় ফিরছিলেন। পথে বাস থেকে নেমে মালিবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ওই বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে আজ চিকিৎসাধীন অবস্থায়আমার মা মারা যান। তিনি আরো বলেন, আমাদের গ্রামে বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার নজর মামুদ গ্রামে। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।