‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। আজ শনিবার রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে এ উৎসবের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। ঢাকার সমৃদ্ধ অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক ও ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, এই অনন্য উদ্যোগের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। একসময় সারাদেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল চালু থাকলেও বর্তমানে তা কমে এসেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। তাই কলাকুশলীদের দর্শকরুচি বিবেচনা করে সিনেমা নির্মাণ করতে হবে এবং এ খাতে সরকারকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে একযোগে কাজ করবে। সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাথে চলচ্চিত্রের গভীর সংযোগ রয়েছে। চলচ্চিত্র ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
