বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২১ আগস্ট পাঠানো এক অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর মেয়াদকে সফল করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।
দ্রৌপদী মুর্মু আরও বলেন, দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন।
অভিনন্দনবার্তার শেষাংশে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি মির্জা ফখরুলের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
