আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লিতে অবস্থান করতে পারেন।
এর আগে শুক্রবারই (২১ আগস্ট) তার ভারত সফরে যাওয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছিল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের খবর সামনে এসেছে।

এদিকে শুক্রবারেই তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
ওই বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।
তবে নয়াদিল্লি কিংবা ঢাকা- কোনো পক্ষই এখন পর্যন্ত তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এরপরেই দেশটির রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়।

বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো নতুন এক বিবৃতিতে বলা হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
শেষমেশ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন তারিখ জানানো হয়েছে।