এক মাসেরও বেশি সময় পর অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেলো মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তিনি।
দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ফস্টার কেয়ার বা পালক পরিচর্যা উদ্যোগের প্রচারণা চালাতে প্রকাশ্যে দেখা যায় মেলানিয়াকে।
এদিন মেলানিয়া বলেন, শুভ অপরাহ্ন। শুনলাম, আপনারা আমাকে মিস করেছেন। এই যে, আমি এখানে।
এরপর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার হাত ধরে তাকে বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে দেন এবং বক্তব্য শেষ করার পর পিঠে হাত রাখেন।
হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর মেলানিয়াকে অনেকটাই জনসম্মুখের আলোচনার বাইরে থাকতে দেখা গেছে। এমনকি তার প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে তিনি আরও কম প্রকাশ্যে এসেছেন।
সর্বশেষ গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপর চার মার্কিন সেনাসদস্যের মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতায় মেলানিয়া ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন না। ২৪ জুলাই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও তিনি প্রেসিডেন্টের পাশে বসেননি। ২৮ জুলাই সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন না।
‘দ্য ডেইলি বিস্ট’-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত চলতি বছরে মাত্র ৩৮ দিন জনসমক্ষে দেখা গেছে মেলানিয়াকে।
অন্যদিকে, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে প্রায় সবসময়ই ডনাল্ড ট্রাম্পের পাশে দেখা যাচ্ছে। ৩৫ বছর বয়সী এই নির্বাহী সহকারীর হোয়াইট হাউসের অভ্যন্তরীণ বৃত্তে সর্বব্যাপী উপস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প ও নাটালিকে ঘিরে নানা জল্পনা চাউর হয়েছে।
অভিযোগ উঠেছে, চলতি গ্রীষ্মে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় ট্রাম্প যে সামরিক বিমানে উঠেছিলেন, গোপনে সেই বিমানে থাকা অল্প কয়েকজন শীর্ষ সহযোগীর একজন ছিলেন হার্প।
সাবেক ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কের এই ব্যক্তিত্ব হোয়াইট হাউসে কাজ শুরুর পর এক বছরেরও বেশি সময় নিরাপত্তা ছাড়পত্র নেয়া থেকে বিরত ছিলেন বলে প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে।
সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফের মন্তব্যকে ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অসফ অভিযোগ করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কাজটি করতে চান না; বরং বিতর্কিত একটি হোয়াইট হাউস বলরুম নির্মাণ এবং নাটালির সঙ্গে ভ্রমণ করতেই বেশি আগ্রহী।
এরপর ট্রাম্পের মিত্ররা হার্পের ভূমিকা ও প্রেসিডেন্টের পাশে তার উপস্থিতির পক্ষে জোরালো অবস্থান নেন। একই সঙ্গে হোয়াইট হাউসে তার প্রকৃত ভূমিকা নিয়েও প্রশ্ন আরও জোরালো হয়।
ট্রাম্পকে নিয়মিত বড় আকারের প্রিন্ট করা সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এনে দেয়ার কারণে হার্পের ডাকনাম হয়েছে ‘প্রিন্টার’। প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রেসিডেন্টকে ব্যক্তিগত বিষয়বস্তুসমৃদ্ধ ‘ভক্তিমূলক চিঠিও’ দিয়ে থাকেন।
তবে ট্রাম্প-নাটালিকে ঘিরে যে জল্পনা বৃহস্পতিবারের অনুষ্ঠানে তা নিয়ে কোনো মন্তব্য করেনি মেলানিয়া। এদিন মেলানিয়ার মূল বক্তব্য ছিল পালক পরিচর্যা থেকে বেরিয়ে আসা তরুণদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি নিয়ে।
মেলানিয়া বলেন, আমেরিকার সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক শক্তি এখনো তার নিজস্ব মানুষ। আগামী দিনের নেতারা আজ শ্রেণিকক্ষে বসে আছে। তাদের মধ্যে রয়েছে পালক পরিচর্যায় বেড়ে ওঠা শিশুরাও। তাদের সক্ষমতা কোনো অংশেই কম নয়।
