গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আতাউর রহমান আতার মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মা জহুরা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আতাউর রহমান আতার স্বজনরা জানিয়েছেন, ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে উপজেলার মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মেঠোপথে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ গণমাধ্যমকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
