ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। পরে প্রায় দুই ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যান। শুক্রবার সকালের দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ গণমাধ্যমকে জানান, বেলা ১১টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। বুলবুল ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।
