কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে দল অত্যন্ত শক্ত পদক্ষেপ নেবে বলে তৃণমূলের নেতাদের প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল একজনকে সমর্থন দেবে বলে নেতাদের সাফ জানিয়ে দেন তিনি। বিশেষ করে ইউপি চেয়ারম্যান পদে একজন প্রার্থী হবে। একজনকেই দল সমর্থন করবে, সেখানে শৃঙ্খলা ভেঙে যাতে একাধিক প্রার্থী না হয়-সেব্যাপারে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাবনা ও চাপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্যও প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে তার বিরুদ্ধে অত্যন্ত শক্ত পদক্ষেপ গ্রহণ করবে দল। সেব্যাপারে তাদের (নেতাদের) সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। দলের চেয়ারম্যান এই বার্তাগুলো দিয়েছেন।
তিনি জানান, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে পাবনা ও চাপাইনবাবগঞ্জ, দুটি জেলা এবং এর উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সাংগঠনিক যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন-সেখানে দলের পক্ষ থেকে, তৃণমূলের যে ইউনিটগুলো আছে-তারা সবাই বসে একজন প্রার্থী ঠিক করবেন। জেলার সহযোগিতা নিয়ে তারা এটা ঠিক করবেন। একজন ব্যক্তির বাইরে যাতে দলের আর কেউ প্রার্থী না হয়, সেব্যাপারে তারা সামগ্রিক প্রচেষ্টা গ্রহণ করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর নিজের অনুভূতির বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, গর্ব হয়। আমাকে এই পদ দেয়া হয়েছে যদিও আমি এর এটার যোগ্য নই। এজন্য আমার আনন্দ হয়। আবার ভয়ও হয়, আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবো কি? এই বোধটাও সব সময় কাজ করছে। আমার যারা সহকর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেকের সমর্থন ও সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতে আমার উপর যে অর্পিত যে দায়িত্ব আসবে এবং দলের চেয়ারম্যান যে কাজ দেবেন-সেটা যাতে সুচারুরূপে করতে পারি-সেটা হচ্ছে, বড় ভয়ও বলতে পারেন। অনুভূতিও বলতে পারেন। সেজন্য যাতে আল্লাহ তাআলা আমাকে শক্তি ও সাহস দেন।
