রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত পরিবার-এতিমখানায় বিজিবি’র সহায়তা

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির ছোটহরিণার দুর্গম পার্বত্য এলাকায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে হরিণা জোন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪টি পরিবার ও একটি হেফজখানা-এতিমখানায় মোট ৭০ হাজার ৩০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল হরিণা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান ও সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে হরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স উপস্থিত থেকে সুবিধাবঞ্চিতদের হাতে সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের খাবারের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। এ ছাড়া অসহায় পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য একটি পরিবারকে ঢেউটিন, তিনটি পরিবারকে আর্থিক অনুদান, দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় দু’টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং একটি পরিবারকে সোলার প্যানেলও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ছোটহরিণার মতো দুর্গম, পার্বত্য ও নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।