কক্সবাজারের উখিয়ায় ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র বালুখালী ও পালংখালী বিওপি’র বিশেষ টহল দল যৌথভাবে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। ৬৪ বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে মিনিটের দিকে বালুখালী ও পালংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া-ফাইসাখালী এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে থার্মালের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৭-৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা মোট ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় ওই এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে বিজিবি’র পক্ষ থেকে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
৬৪-বিজিবি’র অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪-বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
