চট্টগ্রামে বন্যার কারণে স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা আজ থেকে শুরু

চট্টগ্রামে বন্যার কারণে স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা আজ থেকে শুরু

ফন্ট সাইজ:

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত এইচএসসি পরীক্ষা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে।
বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীরা এ স্থগিতাদেশের আওতায় ছিলেন। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অবশ্য নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পরীক্ষা হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

বোর্ড জানিয়েছে, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে।

অন্যদিকে, বন্যার কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মাদ্রাসার পরীক্ষার্থীরা এসব স্থগিত পরীক্ষায় অংশ নেবেন।
আলিমের সংশোধিত সূচি অনুযায়ী, আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র, ২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস এবং ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আলিম পরীক্ষার্থীদেরও পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে বলা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শেষ করে নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই বোর্ডে পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উত্তরপত্র যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে একই দিন জেলা পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেনে নিতে বলা হয়েছে।