ট্রাম্পের পোস্টে ঐক্য বাড়ে ইরানিদের

ট্রাম্পের পোস্টে ঐক্য বাড়ে ইরানিদের

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য ও সোশ্যাল মিডিয়া পোস্ট ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করে। ট্রাম্পের পোস্টের ফলে বিভেদ তৈরি হয় না। বরং এতে উল্টো তারা আরো একতাবদ্ধ হন বলে মন্তব্য করেছেন তেহরানের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও সাবেক কূটনীতিক আব্বাস খামায়ার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খামায়ার জানান, ইরানে তীব্র জ্বালানি সংকটের খবরগুলো অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। রাজধানী তেহরানে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, লাইনে সর্বোচ্চ আধঘণ্টার বেশি সময় লাগছে না এবং এটি নিতান্তই একটি সাম্প্রতিক বিষয়।

এছাড়া কম দাম ও সহজলভ্যতার কারণে ইরানে মাথাপিছু জ্বালানি ব্যবহারের পরিমাণ বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি বলে তিনি উল্লেখ করেন। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে খামায়ার বলেন, সাবেক সর্বোচ্চ নেতা খামেনির জানাজাসহ বিভিন্ন কর্মসূচিতে বিপুল জনসমাগম প্রমাণ করে যে, যেকোনো বহিরাগত চ্যালেঞ্জ ও বিদেশি হামলার মুখে ইরানি সমাজ সবসময় ঐক্যবদ্ধ হয়।

তিনি দাবি করেন, ট্রাম্পের বক্তব্য ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে ইরানিদের মাঝে যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিল, তা ব্যর্থ হয়ে উল্টো বিপরীত ফল দিচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক সক্ষমতা সত্ত্বেও তা কৌশলগত সাফল্যে রূপ নিতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটনের ঘন ঘন লক্ষ্য পরিবর্তনের ঘটনাই তাদের অসংলগ্ন ও বিশৃঙ্খল কৌশলের স্পষ্ট প্রমাণ। এই অদূরদর্শী নীতির কারণে বিশ্ববাসীর চোখে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে বলেও মন্তব্য করেন এই সাবেক কূটনীতিক।