কেনিয়ার মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান এবং পাঁচ মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হন। বুধবার দেশটির সামবুরু কাউন্টির মাউন্ট ওলোলোকওয়ে পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
সামবুরু কাউন্টির পুলিশ কমান্ডার ডেভিড এনকোরোই জানান, পাইলটসহ হেলিকপ্টারে থাকা সাতজনের সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে বিলাসবহুল ট্যুর এজেন্সি ‘অ্যান্ডবিয়ন্ড’-এর অতিথিরা ভ্রমণ করছিলেন। ইকুয়েডর সরকার নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় তাদের জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেন্সি-কনতুগি এবং তার স্ত্রী, ফ্যাশন ডিজাইনার স্টেফানি হোলিহান নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইকুয়েডরের প্রেসিডেন্সিয়াল দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক ‘টেলিমুন্ডো’র শীর্ষ নির্বাহী হোসে সুয়ারেজও নিহতদের মধ্যে রয়েছেন। তিনি সংস্থাটির একাধিক স্টেশনের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর পাঁচ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, নাইরোবির মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে। কেনিয়ান রেড ক্রস জানিয়েছে, দুর্ঘটনাস্থলের দুর্গম পাহাড়ি পথ এবং সেখানে ছড়িয়ে পড়া আগুনের কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত শুরু করেছে।
