প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি

স্বামীর মৃত্যু

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি

ফন্ট সাইজ:

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়ে ঢাকার কলাবাগানের বাসায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছান তিনি।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক সকাল ৯টার দিকে গণমাধ্যমেকে বলেন, ‘কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

এর আগে মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন সকাল সোয়া ৬ টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বের হন তিনি। ভোরের আলো ফোটার পরপরই কারা ফটকে প্রবেশ করে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি।

ঘড়ির কাঁটায় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে দীপু মনি কারাগার থেকে পুলিশি পাহারায় বেরিয়ে আসেন। তার নিরাপত্তার জন্য পুলিশের দুটি গাড়ি ও প্রিজন ভ্যানে পুলিশের ৩৮ জন সদস্য ছিলেন। পরে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে গুলশানের একটি হাসপাতালে মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। গতকাল বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুর পর তার প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। সেখানে তানী দীপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তারা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।