১৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভিয়েতনাম

১৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভিয়েতনাম

ফন্ট সাইজ:

১৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভিয়েতনাম। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তাই নিনের দুক হোয়া কমিউনে এসব অভিবাসীকে দেশটির অভিবাসন ও বসবাসসংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন বলে শনাক্ত করে স্থানীয় পুলিশ। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দুক হোয়া কমিউন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিয়েতনামে অবস্থানরত এসব বিদেশিকে আইনি প্রক্রিয়ার আওতায় আনতে তারা প্রাদেশিক ইমিগ্রেশন ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে সমন্বয় করেছে। ওই ১৪ বাংলাদেশিকে কমিউনের বিভিন্ন ভাড়া বাসায় অবস্থানরত অবস্থায় শনাক্ত করা হয়। স্থানীয় আবাসিক স্থাপনাগুলোতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পরিচালিত এক পর্যালোচনার সময় ঘটনাটি ধরা পড়ে। এ খবর দিয়েছে অনলাইন ভিয়েতনাম নিউজ।

কর্তৃপক্ষ তদন্তে নিশ্চিত হয়েছে, ১৪ বাংলাদেশিই ভিয়েতনামে অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করছিলেন। এ ছাড়া বিদেশি নাগরিকদের অস্থায়ী বসবাসের তথ্য যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে জানানোর নিয়ম না মানায় তিনটি ভাড়া আবাসন প্রতিষ্ঠানের মালিককে প্রশাসনিক জরিমানাও করা হয়েছে। ১৪ই আগস্ট দুক হোয়া কমিউন পুলিশ এবং প্রাদেশিক ইমিগ্রেশন ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা ১৪ বাংলাদেশিকে হো চি মিন সিটির তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান। সেখানে নিয়ম অনুযায়ী তাদেরকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

স্থানীয় পুলিশ আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকে বিদেশি নাগরিকদের অস্থায়ী বসবাসের তথ্য ঘোষণাসংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সন্দেহ দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমন্বয় করে সংশ্লিষ্ট ঘটনায় ব্যবস্থা নিতে পারবে এবং স্থানীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে।