বিশ্ব মশা দিবস আজ। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং এসব রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই প্রতিবছর পালিত হয় এই দিবস। এবারের বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য হলো: ‘একসাথে কাজ করি: মশা-সহনশীল সমাজ গড়ে তুলি’।
১৮৯৪ সালে বৃটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিক্যাল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়ার সম্ভাব্য বাহক হিসেবে মশা নিয়ে গবেষণা শুরু করেন। কয়েক বছরের গবেষণার পর ১৮৯৭ সালের ২০শে আগস্ট তারা প্রমাণ করেন, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার পরজীবী বহন করতে পারে। এই আবিষ্কারের জন্য পরবর্তীতে রোনাল্ড রস নোবেল পুরস্কার লাভ করেন। তাদের ঐতিহাসিক আবিষ্কারের দিনটিকে স্মরণ করেই ২০শে আগস্ট বিশ্ব মশা দিবস হিসেবে পালন করা হয়। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন পরে তাদের আবিষ্কারের তাৎপর্য ধরে রাখতে ২০শে আগস্ট বিশ্ব মশা দিবসের নামকরণ করেন, যা প্রতিবছর পালিত হয়।
দিবসটি কেবল একটি বৈজ্ঞানিক আবিষ্কার স্মরণের উপলক্ষ নয়; মশাবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এর অন্যতম প্রধান উদ্দেশ্য।
উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে বাংলাদেশ মশার প্রজনন ও বিস্তারের জন্য অনুকূল। দেশের বিভিন্ন এলাকায় মশার প্রজাতির বৈচিত্র্যও রয়েছে। গবেষণায় বাংলাদেশে শতাধিক প্রজাতির মশা শনাক্ত হয়েছে। ঢাকাতেও বিভিন্ন প্রজাতির মশার উপস্থিতি রয়েছে।
দেশে মশাবাহিত রোগগুলোর মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও জাপানিজ এনকেফালাইটিস উল্লেখযোগ্য।
বাংলাদেশে ডেঙ্গু প্রথম শনাক্ত হয় ‘ঢাকা ফিভার’ নামে। পরবর্তীতে ২০০০ সালে রোগটি ডেঙ্গু হিসেবে শনাক্ত হয় এবং ওই বছর বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি হিসাবে, ২০০০ সালে দেশে ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৯৩ জনের মৃত্যু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডেঙ্গু এখন বিশ্বের দ্রুত বিস্তারমান সংক্রামক রোগগুলোর একটি এবং এর প্রধান নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো মশার বিস্তার রোধ।
বাংলাদেশের বাস্তবতায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, নিয়মিত নজরদারি এবং রোগী শনাক্ত ও চিকিৎসার সক্ষমতা বাড়ানো। সবগুলো উদ্যোগ একসঙ্গে কার্যকর করতে হবে। দিবসটি উপলক্ষে ঢাকার দুই সিটিসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
