কারা মহাপরিদর্শককে ফেরত পাঠানো হলো সেনাবাহিনীতে

কারা মহাপরিদর্শককে ফেরত পাঠানো হলো সেনাবাহিনীতে

ফন্ট সাইজ:

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে এখনো কাউকে কারা মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দেয়া হয়নি।

উল্লেখ্য, কারা মহাপরিদর্শক হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ২০২৪ সালের ১১আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১৯ ডিসেম্বর ৩১ তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিককোরে কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস কর্মকর্তা হিসেবে তিনি অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সাথে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সে ও (এসএসএফ) সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউএনএমআইএসএস-এ বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব প্রদান করেন। এছাড়া ইউএনএমএমএসআইএল-এ জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ইউএনএমআইএল-এ ফোর্স হেডকোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।