স্বাধীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি (অব) এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশাকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে নতুন কমিশন।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে নতুন কমিশনের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা কোনো চাপের মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করব। আমাদের সামনে কোনো সমস্যা এলে তা সমাধান করার চেষ্টা করব। মানুষের প্রত্যাশাকে সামনে রেখেই আমরা এখানে এসেছি।’তিনি বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি; দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি এবং দেশ দুর্নীতিমুক্ত করতে যথেষ্ট চেষ্টা চালাতে পারি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আনব।’
নতুন কমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘প্রথম দিনেই যদি আপনারা সব শুনে নেন, তাহলে বাকি দিন কী করবেন? দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করব।’
এদিকে দুদক কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশের একজন অত্যন্ত অভিজ্ঞ বিচারক এই কমিশনের চেয়ারম্যান হয়েছেন। তার নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দেওয়া হবে।তিনি বলেন, ‘আশা করি, আপনারা অতি অল্প সময়ের মধ্যে এসব বিষয়ে অগ্রগতি জানতে পারবেন।’
