বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফায় এখন চলছে প্রবল অভ্যন্তরীণ ঝড়। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা এবং একের পর এক কঠোর প্রশাসনিক সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে পুরো ফুটবল বিশ্ব। বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পাঁয়তারাকে ফিফার ‘আত্মঘাতী বোতাম টেপার’ সমার্থক বলে কড়া সমালোচনা করেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স।
বিশ্বকাপ টুর্নামেন্টের একটি অংশ ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির যে পরিকল্পনা ইনফান্তিনো হাতে নিয়েছিলেন, তার তীব্র নিন্দা জানিয়ে মাস্টার্স বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটি ফিফার নিজের তৈরি করা ক্ষত। এটি একটি অলাভজনক সংস্থা, যাদের দায়িত্ব ফুটবলকে আগামীর জন্য বিশ্বস্ততার সাথে টিকিয়ে রাখা।’ প্রিমিয়ার লীগ প্রধানের মতে, ফিফা প্রশাসনের বর্তমান নীতি খেলাধুলার মূল সুরের ‘পরিপন্থী’।
এ বিষয়ে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ফিফার বিপরীত মুখে অবস্থান করছে। ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পাশাপাশি, ফিফার বরখাস্ত হওয়া প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিনিয়োগকারী সংক্রান্ত পরিকল্পনাটি নিয়ে মুখ খোলায় লামুরকে বরখাস্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন উয়েফার সহ-সভাপতি লরা ম্যাকঅ্যালিস্টার।
ম্যাকঅ্যালিস্টার এক বিবৃতিতে বলেন, ‘কেভিন লামুর একজন নীতিবান ও অনুকরণীয় ক্রীড়া ব্যক্তিত্ব। তাকে বরখাস্ত করা মানে ফিফার প্রশাসনিক দুর্বলতা এবং বাণিজ্যিক অন্ধত্বকেই ফুটিয়ে তোলা।’ এর আগে লামুর অভিযোগ তোলেন যে, বিতর্কিত এই বিনিয়োগ পরিকল্পনাটি নিয়ে খোদ ফিফা প্রশাসনকে বিভ্রান্ত করা হয়।
এদিকে, ফিফার এই চরম বিশৃঙ্খলার মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন আশার আলো দেখছেন অনেকে। ইপিএল প্রধান মাস্টার্স মনে করেন, আগামী নির্বাচনে ফিফার সংস্কৃতি ও সভাপতির একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে একজন ‘ঐক্যবদ্ধ সংস্কারপন্থী প্রার্থী’ আসাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মাস্টার্স বলেন, ‘একজন নতুন এবং ঐক্যবদ্ধ সংস্কারপন্থী প্রার্থীকে অবশ্যই ফিফা এবং এর সভাপতির ক্ষমতার এখতিয়ার সংস্কারের বিষয়টি নিজের এজেন্ডায় রাখতে হবে।’
