আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং জ্যেষ্ঠ আইনজীবী আবদুলাই সিয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাপানের বিচারক তোমোকো আকানে বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের নিষেধাজ্ঞার বিষয়টি জানান। নেদারল্যান্ডসের হেগভিত্তিক এই আদালতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের বৈরী অবস্থানের সর্বশেষ বড় পদক্ষেপ এটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুবিও জানান, যেসব দেশের সরকার আইসিসির এখতিয়ার মেনে নেয়নি (যেমন যুক্তরাষ্ট্র ও ইসরাইল), সেসব দেশের কর্মকর্তাদের তদন্ত, গ্রেপ্তার বা বিচারের প্রচেষ্টায় এই ব্যক্তিরা সরাসরি যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশের আওতায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়। সেনেগালের নাগরিক আবদুলাই সিয়ে মূলত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার প্রসিকিউশন টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা ওই দুই আইসিসি কর্মকর্তার সমস্ত সম্পদ জব্দ হবে এবং তারা মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বেন। বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক ব্যাংকের সাথেই মার্কিন আর্থিক ব্যবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে।
এদিকে, আইসিসি এই মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, এ ধরনের সিদ্ধান্ত আইনের শাসন ও আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়। আইসিসির আয়োজক দেশ নেদারল্যান্ডসও মার্কিন এই পদক্ষেপের কড়া সমালোচনা করে আদালতের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হলেও ট্রাম্প প্রশাসন মূলত নেতানিয়াহু ও অন্যান্য মিত্রদের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
