বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে গেলে যথাযথ মর্যাদা দিয়ে স্মরণীয় অভ্যর্থনা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। পাশাপাশি এই সফর অনুষ্ঠিত হলে ঢাকা-দিল্লি সম্পর্ক ‘সোনালি ও দীর্ঘস্থায়ী’ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জিসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীরা।
ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু সমস্যা রয়েছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসলে এসব সমস্যা সমাধান করা সম্ভব। দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে তিনি পারস্পরিক ও নিঃশর্ত আস্থার ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আশ্বাসের কথাও জানান তিনি। ত্রিবেদী বলেন, মোদি তাকে জানিয়েছেন, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে যথাযথ মর্যাদার মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। তিনি বলেন, সফরটি স্মরণীয় হবে এবং এর সুফল শেষ পর্যন্ত দুই দেশের জনগণের কাছে পৌঁছাবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশকেই অতীতের মতপার্থক্যগুলো মিটিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি বলছি না অতীতকে ভুলে যেতে। অতীতকে সঙ্গে রাখুন এবং অতীতের মতপার্থক্যগুলো মিটিয়ে নিন। কিন্তু সামনে এগিয়ে যান।
ত্রিবেদী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে একটি সোনালি অধ্যায় হবে। কারণ আপনাদের সঙ্গে ভাগ করে নেয়ার মতো আমাদের অনেক কিছু রয়েছে।
এদিকে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তারেক রহমানকে ভারত সফরে স্মরণীয় অভ্যর্থনা দেয়া হবে: ত্রিবেদী
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৯ আগস্ট (বুধবার), ২০২৬, ৭ঃ৩৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
