স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রায় এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বয় সেল গঠন এবং বিভিন্ন জেলা ও উপজেলার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। খুব শিগগিরই নির্বাচন কমিশনের কাছে ওই প্রতিবেদন দেয়া হবে।
আইজিপি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাহিনীর পক্ষ থেকে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ কমিটি নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য জানাবে।
বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
