অরক্ষিত তাঁবুতে বাস করছেন ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি

অরক্ষিত তাঁবুতে বাস করছেন ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি

ফন্ট সাইজ:

গাজা উপত্যকায় ২১ লাখ ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে ৮ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন। তবে এসব তাঁবু এখন আর বসবাসের উপযোগী নেই। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। শীত এগিয়ে আসায় ওই দপ্তর সোমবার এক আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে। তারা উল্লেখ করেছে, তাঁবুতে বসবাসকারীদের মধ্যে পাঁচ লাখেরও বেশি শিশু রয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় অবিলম্বে ক্রেন, আবহাওয়ারোধী তাঁবু, তাপ নিরোধক উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী ঢোকার অনুমতি দিতে হবে। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা।

এদিকে, চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজায় খাবার, পানি ও চিকিৎসাসেবার তীব্র সংকট দেখা দিয়েছে। সাহায্য সংস্থাগুলো বারবার এ বিষয়ে সতর্কতা জারি করেছে। মিডিয়া অফিসের আগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ইসরায়েলি বাহিনী গাজার ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এটি পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হবে।