উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন গাজীপুরের দুই বন্ধু। মৃত্যুর পর ভারতে থাকা আরেক বন্ধু দুইজনের মরদেহ
গ্রহণ করে দেশে ফিরিয়ে আনেন। গত ১৬ই আগস্ট রাতে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ দুটি বাংলাদেশে আনা হয়। দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. হাবিবুর রহমান (৫৮) এবং কালীগঞ্জের কাপাসিয়া এলাকার বিল্লাল মাঝি (৫০) গত ১৫ই জুন উন্নত চিকিৎসার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান। পরে তারা কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় গত ৯ই আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে মারা যান বিল্লাল মাঝি। পরদিন ১০ই আগস্ট রাত ৭টা ৪৭ মিনিটে মারা যান হাবিবুর। তথ্য অনুযায়ী, হাবিবুর স্ট্রোকজনিত জটিলতায় এবং বিল্লাল লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। দুই বন্ধুর মৃত্যুর পর ভারতে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পরে তাদের বন্ধু মো. আবু নাহিদ (৪৫) মরদেহ দুটি গ্রহণ করে বাংলাদেশে নিয়ে আসেন। গত ১৬ই আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিল্লালের মরদেহ এবং সাড়ে ৭টায় হাবিবুরের মরদেহ দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছায়। পরে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশ বিজিবি’র সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসার আশায় একসঙ্গে ভারতে পাড়ি দেয়া দুই বন্ধুর মরদেহ শেষ পর্যন্ত আরেক বন্ধুর হাত ধরে দেশে ফেরার ঘটনায় স্বজন ও পরিচিতজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনের মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
