ইতালির সিসিলি দ্বীপের মেসিনা শহরের আঞ্চলিক জাদুঘর (মুমে) থেকে ১৫ শতকের প্রখ্যাত রেনেসাঁ শিল্পী আন্তোনেলো দা মেসিনার চারটি অমূল্য চিত্রকর্ম চুরি হয়ে গেছে। গত শনিবার সন্ধ্যায় জাতীয় ছুটির দিন ‘ফেরাগোস্তো’ ও স্থানীয় ধর্মীয় উৎসব চলাকালীন চোরের দল এই দুঃসাহসিক চুরি সম্পন্ন করে। জাদুঘরের অ্যালার্ম ব্যবস্থা ফাঁকি দিয়ে নিরাপত্তা প্রদর্শনীর বাক্স ভেঙে কাঠের তৈরি এই প্যানেলগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। চুরি যাওয়া চিত্রকর্মগুলোর মধ্যে শিল্পীর বিখ্যাত ‘পলিট্টিকো দি সান গ্রেগরিও’ বেদীর অক্ষত থাকা পাঁচটি অংশের তিনটি অন্যতম। এছাড়া সুরক্ষিত কেস থেকে চুরি যাওয়া অপর কাজটি ছিল কাঠের উভয় পাশে আঁকা একটি ক্ষুদ্র চিত্রকর্ম, যার একপাশে কুমারী মাতা ও শিশু যিশু এবং অন্যপাশে ক্রুশবিদ্ধ খ্রিস্টের অবয়ব রয়েছে। চোরের দল মোট ছয়টি প্যানেল চুরির চেষ্টা করলেও রহস্যজনকভাবে দুটি প্যানেল জাদুঘরের বাইরের দেয়ালে ফেলে যায়। জাদুঘরের পরিচালক মারিসা মার্কুরিও এ ঘটনাকে সমগ্র সিসিলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
মেসিনা শহরটি ১৯০৮ সালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরও এই ঐতিহাসিক শিল্পকর্মগুলো অক্ষত ছিল। স্থানীয় প্রসিকিউটররা ঘটনার তদন্ত শুরু করেছেন। গোয়েন্দাদের ধারণা, কোনো অবৈধ আন্তর্জাতিক শিল্প সংগ্রাহকের নির্দেশে বা চোরকারবারি চক্রের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়ে থাকতে পারে।
