অসংলগ্ন সমু চৌধুরী

অসংলগ্ন সমু চৌধুরী

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। এবার নতুন করে আলোচনায় তিনি। ছড়িয়ে পড়া এক ভিডিওতে অভিনেতাকে একজন ব্যক্তির সঙ্গে উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। সে সময়ে ওই ব্যক্তিকেও উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটি শনিবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)’র মাজারসংলগ্ন এলাকায় ঘটেছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। ঘটনার বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি। জানা গেছে, শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.)’র মাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল বেশি। এর মধ্যেই সমু চৌধুরীকে ঘিরে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

অভিনেতার এমন আচরণের ভিডিও ভাইরাল হলে অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের ১২ই জুনও সমু চৌধুরীকে নিয়ে এমন একটি ঘটনা আলোচনায় এসেছিল। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পরে তাকে নিরাপদ স্থানে নেয়া হয়েছিল। এদিকে, গতকালও হঠাৎ করেই বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সমু; যেখানে তার অসংলগ্ন আচরণ চোখে পড়ে।