পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী, জনতার ঢল

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী, জনতার ঢল

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা তিনি শুরু করছেন।

ঢাকার বাইরে কোনো জেলায় দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায়। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিকতা শুরু করছেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে বেলা একটায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী জেলা সদরে আরো দুটি কর্মসূচিতে যোগদান করবেন। প্রধানমন্ত্রীর দিনের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায়। সেখানে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জনতার ঢল নেমেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনতা প্রধানমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে উচ্ছ্বসিত।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সেখানে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা। জেলার নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এর প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সকাল থেকেই পাকুন্দিয়া ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যান মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায়। অনুষ্ঠানস্থলমুখী জনতার ঢল নামে উপজেলার এই প্রান্তিক এলাকার প্রতিটি সড়কে।