কিশোরগঞ্জ থেকে শুরু হচ্ছে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত-যাজকদের সম্মানি ভাতা

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ থেকে শুরু হচ্ছে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত-যাজকদের সম্মানি ভাতা

ফন্ট সাইজ:

সরকারের ৬ মাস মেয়াদের মধ্যে আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গীর্জার ২ জন যাজকসহ মোট ৪৪৪ জনকে সম্মানী প্রদানের মাধ্যমে তিনি এই কার্যক্রম উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে দেশব্যাপী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রম শুরু হবে। বিকাল ৪টায় শুরু হওয়া একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করবেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলায় আরও তিনটি কর্মসূচিতে যোগদান করবেন। দিনব্যাপী এই সফরের শুরুতে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।

এরপর দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে বেলা একটায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।

দুপুর পৌনে দুইটায় তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের নেওয়া উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানেই কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বিকাল সোয়া তিনটায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন। সেখানে ৪৫ মিনিট অবস্থানের পর বিকাল চারটায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম কিশোরগঞ্জে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত কিশোরগঞ্জ জেলার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। একই সঙ্গে উন্নয়ন বঞ্চনার শিকার জেলাটিতে এবার আশানুরূপ উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছেন তারা।

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামও বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা করছি।