গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের রিংয়ে ৫৫ কেজিতে দুর্দান্ত লড়েছেন বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। কিন্তু এশিয়ান গেমসে রাকিব নয়, যাচ্ছেন উৎসব আহমেদ। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে গতকাল নতুন কমিটির সভা শেষে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘রাকিব ও উৎসব দু’জনেই ৫৫ কেজি ওজন শ্রেণির বক্সার। রাকিব কমনওয়েলথ গেমসে ভালো খেলেছে। কোয়ার্টার ফাইনালেও গিয়েছে। তবে এশিয়ান গেমসের জন্য ট্রায়াল ফাইটে রাকিবের চেয়ে উৎসব ভালো করেছে। তাই আমরা এশিয়ান গেমসের জন্য উৎসবকেই বেছে নিয়েছি।’
যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস সম্পর্কে কুদ্দুস বলেন, ‘কমনওয়েলথ গেমসে ভালো করতে পারেনি জিনাত। তাই আমরা ৬০ কেজিতে বক্সার সেলিম হোসেনকে নিচ্ছি। গত হাংজু এশিয়ান গেমসেও সে ভালো ফাইট দিয়েছিল।’ এ ছাড়া অক্টোবরে সেনেগালের ডাকারে অনূর্ধ্ব-১৯ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নয়ন ত্রিপুরা অংশ নেবেন। সেপ্টেম্বরে ঢাকায় ওয়ার্ল্ড বক্সিংয়ের কোচেস কোর্স লেভেল-১ আয়োজনের উদ্যোগও নেয়া হয়েছে।
একইসঙ্গে বসনিয়ায় প্রশিক্ষণ ক্যাম্প ও টুর্নামেন্টে দল পাঠানো এবং ডিসেম্বরে জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে ফেডারেশন। এদিকে দেশের ৬৪ জেলায় বক্সিং প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দিতে কোচ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। এর অংশ হিসেবে ফেডারেশনের উদ্যোগে ৬৪ জেলার প্রশিক্ষণার্থীদের নিয়ে কোচেস কোর্স আয়োজন করা হচ্ছে। আজ থেকে ১০ দিনব্যাপী এই কোর্সটি ফেডারেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবেন ৮০ জন। কোর্সটির উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।
