১৫ আগস্ট ঘিরে থমথমে ৩২ নম্বর, কঠোর অবস্থানে পুলিশ

ফন্ট সাইজ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীকে ঘিরে থমতমে পরিস্থিতি বিরাজ করছে তার বাসভবন (পরিত্যক্ত) ধানমন্ডি-৩২ নম্বর এলাকায়। শুক্রবার রাত থেকেই ব্যারিকেড দিয়ে পুরো এলাকায় ঘিরে রেখেছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, এপিসি গাড়িও। সাধারণ মানুষ কেউই ভেতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে শক্তিশালী ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং কোনো সাধারণ যানবাহন বা সাধারণ পথচারীদের সরাসরি যাতায়াত প্রবেশাধিকার পুরোপুরি বারণ করা হয়েছে। সেই ব্যারিকেডের ভেতরেই অত্যন্ত সতর্ক অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র‍্যাবের সশস্ত্র সদস্যরা অবস্থান করছেন। ব্যারিকেডের ঠিক সামনেই মেইন রোডের কাছে একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। সেখানে র‍্যাবের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে পারছেন না কেউই। সন্দেহজন কেউ শেখ মুজিবের বাড়ির সামনে যেতে চাইলেই তাকে আলাদা করে জিজ্ঞাসা করা হচ্ছে। সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনের ফুল দিতে শ্রদ্ধা আসা অর্ণব দাস নামে একজনকে আটকও করেছে পুলিশ।
এসব বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন,
যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ও তাৎক্ষণিকভাবে মোকাবিলা, প্রতিহত করার জন্য ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশে উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে ফুল দিতে আসা অর্ণব দাস নামে এক যুবলীগ কর্মীকে আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় রাখা হয়েছে। পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে, কোন অপ্রীতিকর ঘটনা এ পর্যন্ত ঘটেনি।