ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য রাশিদা তালিবের সমাবেশ বাতিল

ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য রাশিদা তালিবের সমাবেশ বাতিল

ফন্ট সাইজ:

ইসরাইল সরকারের কট্টর সমালোচক এবং ডেমোক্রেটিক পার্টির মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য রাশিদা তালিব। তাকে নিয়ে আয়োজিত একটি নির্বাচনী সমাবেশের ভেন্যু শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ইসরাইল নিয়ে ডেমোক্রেটিক পার্টির অবস্থানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার মধ্যেই দলের এক অঙ্গরাজ্য আইনপ্রণেতার অভিযোগের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান সদস্য তালিবের শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় একটি সমাবেশে অংশ নেয়ার কথা ছিল। আসন্ন ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থীর সমর্থনে ওই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল দ্য ভেন্যু ফোর্ট লডারডেল। কিন্তু ফ্লোরিডা লেজিসলেটিভ জিউইশ ককাসের চেয়ারম্যান ও অঙ্গরাজ্যের প্রতিনিধি মাইকেল গটলিব বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে পরিকল্পিত সমাবেশটিকে ইহুদিবিরোধী সমাবেশ হিসেবে অভিহিত করার পর ভেন্যুটি হঠাৎ অনুষ্ঠান বাতিল করে। তালিব অবশ্য ইহুদিবিদ্বেষের নিন্দা করেছেন। তিনি বলে আসছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং গাজা ও লেবাননে ইসরাইলি হামলার সমালোচনা করা ইহুদিবিদ্বেষ নয়। ভেন্যুটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইহুদি মালিকানাধীন এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি আমাদের মূল্যবোধ ও অঙ্গীকার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাশিদা তালিব ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি-সহ ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল নেতারা গাজা ও লেবাননে ইসরাইলি হামলা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রিপাবলিকানদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের বিরোধিতা করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ইসরাইলকে সমর্থন করার বিষয়ে ডেমোক্রেটদের মধ্যে সমর্থন ক্রমশ কমছে। তালিব কংগ্রেসে ইসরাইলের নীতি ও ফিলিস্তিনিদের প্রতি দেশটির আচরণের অন্যতম সোচ্চার সমালোচক হিসেবে পরিচিত। তার অবস্থান নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরেও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

সমাবেশটির আয়োজক ছিল ফ্লোরিডা ইয়ুথ জাস্টিস কোয়ালিশন, জেন-জি ফর চেঞ্জ এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার স্থানীয় একটি শাখাসহ কয়েকটি সংগঠন। সমাবেশে অঙ্গরাজ্যের প্রতিনিধি অ্যানজি নিক্সনকে সমর্থন দেয়ার কথা ছিল। তিনি মার্কিন সিনেটের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা এলিজাহ ম্যানলি ও অলিভার লারকিনের পক্ষেও সমর্থন চাওয়ার কথা ছিল। দ্য ভেন্যু ফোর্ট লডারডেল অনুষ্ঠান আয়োজন থেকে সরে দাঁড়ানোর পরও সমাবেশটি শুক্রবার রাতে ফোর্ট লডারডেলের একটি ওয়াইন বারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে আয়োজকদের একজন দ্য নিউইয়র্ক টাইমস’কে জানিয়েছেন। ফ্লোরিডা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ ককাস অভিযোগ করেছে, সমাবেশ বাতিলের পেছনে মুসলিমবিদ্বেষী মনোভাব কাজ করেছে।