বিসিবি’র সঙ্গে সম্পর্ক ঠিকঠাক, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

বিসিবি’র সঙ্গে সম্পর্ক ঠিকঠাক, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

ফন্ট সাইজ:

চলতি আগস্ট মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে সিরিজটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে সফরটি পিছিয়ে যাওয়ার গুঞ্জনও তৈরি হয়েছে। ফলে বাংলাদেশে ভারতের আসন্ন সিরিজের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের জন্য এখনো সরকারের সবুজ সংকেত পায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ বিষয়ে দেশটির সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে বোর্ড। একইসঙ্গে ভারতের হাইকমিশনের সঙ্গেও আলোচনা চলছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সরকারের অনুমোদন ছাড়া সফর চূড়ান্ত করার সুযোগ নেই। তিনি বলেন, ‘সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল। আপাতত হাইকমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে।

কিন্তু সরকারের অনুমতির পরেই সবটা চূড়ান্ত হবে।’ সফরের সূচি নিয়েও এখনো দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, বিসিবি’র সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিসিবি’র সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে সরকারের থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিরিজের দিনক্ষণ নির্ধারিত হয়নি। অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারিত হয়ে যাবে।’ ২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারত।

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে ভারতের একটি নির্ধারিত সিরিজও পিছিয়ে দেয়া হয়েছিল। এর মধ্যে চলতি বছরের শুরুতে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ঘটনাও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে তিক্ততা তৈরি করে। যার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ।