খেলোয়াড় নিবন্ধনে ফিফার ১৪টি নিষেধাজ্ঞা ছিল বসুন্ধরা কিংসের ওপর। আশার কথা হলো কিংসের নিষেধাজ্ঞা উঠতে শুরু করেছে। গতকাল সকালে একটি নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে বাকি আছে আরও ১৩টি। বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা তুলতে সব ধরনের প্রক্রিয়া শেষ করেছে তারা। যেকোনো সময়ের মধ্যে সবগুলো নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আসন্ন ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবলে অংশ নেবে ছয়বারের লীগ চ্যাম্পিয়নরা। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত বৃহস্পতিবার খেলোয়াড় নিবন্ধন ও ক্লাব লাইসেন্সিং এর সময় বাড়িয়েছে। ১১ই আগস্ট ছিল বাফুফের ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময়। বাফুফে লাইসেন্সিং সময় ১৭ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।
১৩ই আগস্ট ছিল খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা। সেটা বেড়ে ১৯শে আগস্ট হয়েছে। এর মধ্যে ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলেই নতুন মৌসুমে ফিরতে পারবে ফেডারেশন কাপের পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। দলবদলেও সে সময় অংশ নেবে ক্লাবটি। এদিকে কিংসের ঘর ভেঙে এরইমধ্যে ৮ জন খেলোয়াড় নিয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দল গোছাতে সেটি কিংসের জন্য কোনো সমস্যা হবে না মনে করেন ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান। নিজেদের একাডেমির বেশ কয়েকজন ফুটবলারকে তারা বিভিন্ন ক্লাবে খেলতে পাঠিয়েছে, সেসব খেলোয়াড় ফিরিয়ে আনা এবং বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার জন্য সময়ও হাতে আছে তাদের।
বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড এর নিষেধাজ্ঞা থাকায় গত সপ্তাহে আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) খেলার জন্য আমন্ত্রণ জানায় বাফুফে। যদিও ইয়ংমেন্সেরও দুটি ফিফা নিষেধাজ্ঞা রয়েছে। তারা সেটি কাটানোর চেষ্টা করলেও এখনো সফল হয়নি। ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ ফুটবল লীগের জন্য দল গড়া শুরু করেছে।
