টানা ৩ ক্যাচ নিয়ে চূড়ায় স্মিথ

ফন্ট সাইজ:

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহীম আউট হয়েছেন ভিন্ন ভিন্ন বোলারের কাছে। কিন্তু এই ৩ জনের বিদায়েই জড়িয়ে আছে স্টিভ স্মিথের নাম। এরা সবাই ফিরেছেন তারকা ক্রিকেটারের হাতে ক্যাচ দিয়ে। টানা ৩ ক্যাচ নিয়ে টেস্টে ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের তালিকায় জো রুটের পাশে বসেছেন স্মিথ। সমান ২১৮টি করে ক্যাচ নিয়ে যৌথভাবে শীর্ষে আছে এই দু’জন। একটা জায়গায় স্মিথ অবশ্য এগিয়ে আছেন। ১২৪তম ম্যাচে এসে ২১৮ ক্যাচ নিলেন এই তারকা ক্রিকেটার। সমান ক্যাচ নিতে ১৬৬ ম্যাচ খেলতে হয়েছে রুটকে। জশ হ্যাজলউডের করা ৮২তম ওভারের চতুর্থ বলে আউট হন শান্ত।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি অধিনায়কের ব্যাটে লেগে স্লিপে স্মিথের হাতে ধরা পড়ে। শান্ত ৮৪ রান করে আউট হলে ভাঙে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে তার ৬৬ রানের জুটি। নতুন ব্যাটার লিটন দাস হতাশ করেছেন সবচেয়ে বেশি। স্টার্কের বলে স্লিপে স্মিথের কাছে ক্যাচ দেন তিনি। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি লিটন। টানা ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দিতে পারেননি মুশফিক। এই অভিজ্ঞ ব্যাটারও আউট হয়েছেন স্লিপে স্মিথকে ক্যাচ দিয়ে। কামিন্সের বলে সিদ্ধান্তহীনতায় থাকা মুশফিকের ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্মিথের হাতে। মুশফিকের বিদায়ে ৩০৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। টানা ৩ উইকেট তুলে নিয়ে চাপ দূর করেছে অস্ট্রেলিয়া।