মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

ফন্ট সাইজ:

বোলারদের গড়ে দেয়া জয়ের ভিতে পূর্ণতা দিলেন ব্যাটাররা। এতে এক ম্যাচ হারে রেখে মালয়েশিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে নেয়া শেখ পারভেজ হোসেন জীবন দ্বিতীয় ওয়ানডেতেও ফাইফার পেয়েছেন। তার দাপুটে বোলিংয়ের পর দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আজ বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মালয়েশিয়াকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কালাম সিদ্দিকী আলীনের দল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১৭৬ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। সফরকারীদের পক্ষে ওপেনার আসলাম খান বিন মালিক একাই লড়াই চালিয়ে যান। ১০৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১০০ রানের দারুণ ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সাইফ উল্লাহ মালিকের ব্যাট থেকে। আজব খান করেন ১৭। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। বাংলাদেশের হয়ে ৮ ওভারে ২৩ রান দিয়ে ২ মেডেনসহ ৫ উইকেট নেন জীবন। রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খেলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার আদিল বিন সিদ্দিক। অপর প্রান্তে ইকবাল হোসেন ২৬ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই চাপ সামাল দেন দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিন। দুজনের দায়িত্বশীল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। দেবাশিষ ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। আর আহরার ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩১.৫ ওভারেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে বিজয় উন্নি ও প্রশান্ত মধুকর দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাঈদ আজিজ, আরিফ উল্লাহ ও বিশ্বরুবেন।