ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন। শুক্রবার (১৪ আগস্ট) ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানের ভারত সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। সে সময় দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
২০২৪ সালে ইরান ব্রিকসের পূর্ণ সদস্য হয়। একই সময়ে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতও জোটটিতে যোগ দেয়। ২০২৫ সালে ইন্দোনেশিয়া সদস্য হওয়ায় ব্রিকসের পূর্ণ সদস্যসংখ্যা বর্তমানে ১১টি।
এর আগে গত জুনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেন।
নয়াদিল্লিতে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের প্রভাব ক্রমেই বাড়ছে। পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারত আরও বড় ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ইরান সশস্ত্র সংঘাতের কোনো ভবিষ্যৎ দেখে না উল্লেখ করে আরাঘচি বলেন, চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তার মতে, আলোচনার মাধ্যমে সমঝোতাই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ।
ভারতের মধ্যস্থতার ব্যাপারে তেহরানের আগ্রহও স্পষ্ট করেন তিনি। আরাঘচি বলেন, ভারতের যেকোনো গঠনমূলক ভূমিকা আমরা স্বাগত জানাব।
সেই সময় আরাঘচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন। সেখানে তিনি বাণিজ্যিক নিরাপত্তার ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ দেশগুলো ইরানের ওপর আস্থা রাখতে পারে বলে জানিয়েছিলন।
২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। এ বছর ১৮তম ব্রিকস সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। চলতি বছরের শুরুতে ব্রাজিলের কাছ থেকে ব্রিকসের সভাপতির দায়িত্ব নেয় ভারত।
