সেলেনা গোমেজের ‘ওয়ান্ডারমাইন্ড’ ঘিরে তোলপাড়, বিনিয়োগকারীদের মামলা

সেলেনা গোমেজের ‘ওয়ান্ডারমাইন্ড’ ঘিরে তোলপাড়, বিনিয়োগকারীদের মামলা

ফন্ট সাইজ:

পপ তারকা সেলেনা গোমেজের মানসিক স্বাস্থ্যভিত্তিক স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারী বৃহস্পতিবার গোমেজের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, স্টার্টআপটির সাফল্য এবং এতে গোমেজের সম্পৃক্ততা নিয়ে তাদের বিভ্রান্ত করা হয়েছে।
২০২১ সালে ওয়ান্ডারমাইন্ড যাত্রা শুরু করে। মামলার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে গোমেজকে সহ-প্রতিষ্ঠাতা, ‘চিফ ইমপ্যাক্ট অফিসার’ এবং বিপণন বিভাগের প্রধান হিসেবে দেখানো হয়েছিল। প্ল্যাটফর্মটির উদ্দেশ্য ছিল, ব্যবহারকারীদের প্রতিদিন মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সহজ ও বাস্তবসম্মত উপায় দেওয়া। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দর্শকদের নিউজলেটারে নিবন্ধনের আহ্বান জানানো হয়।

মামলায় পাঁচ বিনিয়োগকারী দাবি করেছেন, ২০২২ সালে তারা প্রতিষ্ঠানটিতে মোট ১২ লাখ ডলার বিনিয়োগ করেন। তাদের প্রত্যাশা ছিল, গোমেজ তার তারকাখ্যাতি এবং বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীকে কাজে লাগিয়ে কোম্পানিটিকে দ্রুত বড় করে তুলবেন।

কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, তিন বছর ধরে কোম্পানিটি তাদের চোখের সামনে নীরবে ধসে পড়লেও, প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠাতা, কর্মকর্তা বা পরিচালক সেই বিনিয়োগকারীদের কিছুই জানাননি, যাদের অর্থে কোম্পানিটি চলছিল।

গোমেজের মা ও সাবেক ব্যবসায়িক অংশীদারও মামলায়

মামলায় সেলেনা গোমেজের মা এবং কোম্পানির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকেও আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি, প্রচলিত আইনে প্রতারণা, চুক্তি লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনজীবীদের খরচ দাবি করেছেন।
মামলার নথিতে বলা হয়েছে, ২০২২ সালে ওয়ান্ডারমাইন্ডের মূল্যায়ন ছিল ৯ কোটি ৫০ লাখ ডলার। বিনিয়োগকারীদের এমন ধারণা দেওয়া হয়েছিল যে, জেপিমরগ্যানের মতো প্রতিষ্ঠানের সঙ্গে করপোরেট অংশীদারত্ব, বিজ্ঞাপন চুক্তি, সেলিব্রিটি কভার স্টোরি এবং একটি যুগান্তকারী অ্যাপ আসতে যাচ্ছে।
কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগ, এসবের কোনোটিই বাস্তবায়িত হয়নি। তাদের ভাষায়, অংশীদারত্বগুলো ছিল না। উদ্যোগগুলো কখনো বাস্তবায়িত হয়নি। অ্যাপটিও কখনো তৈরি করা হয়নি।

‘দ্য কাট’-এর প্রতিবেদন থেকে বিপর্যয়ের খবর

গত বছর প্রকাশিত দ্য কাট-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানিটির সমস্যাগুলো সম্পর্কে জানতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সম্পর্কজনিত টানাপোড়েনের কারণে প্রতিষ্ঠানটি সমস্যায় পড়েছিল বলে উঠে আসে।

মামলায় ওই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, মায়ের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সমস্যার কারণে গোমেজ তার চুক্তিবদ্ধ দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।

মামলায় আরও দাবি করা হয়েছে, গোমেজ, টিফি ও পিয়ারসন সম্মিলিতভাবে কোম্পানিটির প্রায় ৯০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন।

মামলার নথি অনুযায়ী, টিফি বিনিয়োগকারীদের জানিয়েছিলেন যে পিয়ারসন বিনিয়োগকারীদের অর্থের একটি অংশ নিউইয়র্কে নিজের বাসার ভাড়া পরিশোধে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই বাসার মাসিক ভাড়া ছিল প্রায় ৬০ হাজার ডলার।

২০২৩ সালে ওয়ান্ডারমাইন্ড থেকে সরে দাঁড়ান পিয়ারসন।
তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে পিয়ারসন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, অভিযোগের জবাব দেওয়ার এবং নথিপত্র ও আর্থিক রেকর্ডের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার সুযোগকে তিনি স্বাগত জানান।

বিনিয়োগকারীদের অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করার অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

সেলেনা গোমেজ, ম্যান্ডি টিফি এবং ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মামলাটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।