নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত

ফন্ট সাইজ:

ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে আমীর হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেন থেকে নামতে গিয়ে এ ঘটনা ঘটে।
আমীর হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার মৃত সামসুল হকের ছেলে।
রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে আমীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে গিয়েছিলেন। আজ সকালে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছিলেন।

শুক্রবার সকাল সাতটার দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে অনেকেই ছাদ থেকে নামছিলেন। ট্রেনটি আবার চলতে শুরু করলে তাড়াহুড়া করে নামতে গিয়ে দুই বগির মাঝখানে পড়ে যান আমীর। এ সময় ট্রেনটি তাকে অন্তত ৩০ গজ দূরে টেনে নিয়ে যায়।

উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আমীর হোসেনের মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‘ট্রেনে কাটা পড়া ওই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, তিতাস কমিউটারের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।