প্রথম আলোর শিরোনাম ‘গ্যাস–সংকটে একে একে বন্ধ হচ্ছে নিত্যপণ্যের কারখানা’। প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চিনি, গম, সয়াবিনবীজ ও অপরিশোধিত ভোজ্যতেলসহ নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণের ১২টি কারখানা রয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় কয়েক দিন ধরে এসব কারখানার উৎপাদন কমছিল। গত
বুধবার সংকট তীব্র হলে একে একে বন্ধ হয়ে যায় সয়াবিন বীজ মাড়াই করে তেল উৎপাদন, আটা–ময়দা তৈরি ও অন্যান্য নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণের কারখানা।
নিত্যপণ্যের বাজারে এমজিআইয়ের অংশ বড়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী অর্থবছরে প্রধান সাত পণ্য ও কাঁচামালের মোট আমদানির ২২ শতাংশ এই শিল্পগোষ্ঠীর। এমজিআইয়ের হিসাবে, তাদের কারখানাগুলোতে দিনে প্রায় ৯ হাজার টন এবং বছরে প্রায় ৩৩ লাখ টন নিত্যপণ্য ও কাঁচামাল প্রক্রিয়াজাত হয়। ফলে এতগুলো কারখানার উৎপাদন একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় বাজারে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে গ্যাস–সংকট শুধু এমজিআইয়ে সীমাবদ্ধ নেই। দেশের বড় নিত্যপণ্য প্রক্রিয়াজাতকারী আরও কয়েকটি শিল্পগোষ্ঠীর কারখানাও বন্ধ হয়ে গেছে। কিছুসংখ্যক কারখানায় বিকল্প জ্বালানি ব্যবহার করে বা সক্ষমতার অনেক নিচে উৎপাদন চালু রাখা হয়েছে।
এমজিআইয়ের চেয়ারম্যান মোস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গ্যাসের সংকটে বুধবার থেকে একে একে নিত্যপণ্য প্রক্রিয়াজাতসহ গ্যাসনির্ভর সব কারখানার উৎপাদন বন্ধ করতে হয়েছে। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ। এ জন্য এসব কারখানার উৎপাদন সচল রাখতে জরুরি ভিত্তিতে হলেও গ্যাস সরবরাহ করা দরকার।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে চিনি, গম, ভোজ্যতেল, ডালসহ সাতটি প্রধান নিত্যপণ্য ও কাঁচামাল আমদানি হয়েছে প্রায় ১ কোটি ৫৪ লাখ টন। অর্থাৎ দিনে গড়ে ৪২ হাজার টনের বেশি পণ্য ও কাঁচামাল দেশে এসেছে। এর বড় একটি অংশ অপরিশোধিত বা অপ্রক্রিয়াজাত অবস্থায় আমদানি হয় এবং দেশে কারখানায় প্রক্রিয়াজাত করার পর বাজারজাত করা হয়। সে কারণে গ্যাস–সংকট দীর্ঘ হলে কাঁচামাল হাতে থাকলেও কারখানা থেকে প্রস্তুত পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম 'ফখরুলের অপেক্ষায় বঙ্গভবন'। এতে বলা হয়, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অপেক্ষায় বঙ্গভবন। গতকাল তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি। একই দিনে জামায়াত জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও দাখিল করা হয়। তবে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি প্রার্থী বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই নির্বাচিত হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। ২০ আগস্ট শুধু ভোট গ্রহণের আনুষ্ঠানিকতার পরেই রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে। অনেক জল্পনা-আলোচনার পর অবশেষে বিএনপি মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দলের মহাসচিব এবং দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার কাছে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে হবু রাষ্ট্রপতি হিসেবে অগ্রিম অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বেলা আড়াইটায় ফখরুলের পক্ষ থেকে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেন জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে অনুষ্ঠিত দলের উচ্চপর্যায়ের এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৈঠকের মাঝেই এক ফাঁকে এসে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করায় নতুন মহাসচিব নিযুক্ত না হওয়া পর্যন্ত দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
যুগান্তরের প্রতিবেদন ‘ গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন, শত শত শিল্পকারখানা বন্ধ’ ।
এতে বলা হয়, গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। বুধবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় শত শত শিল্প-কলকারখানা অচল হয়ে পড়েছে। এর প্রভাবে লাখ লাখ শ্রমিক-কর্মচারী কার্যত এখন কর্মহীন। চরম বিপাকে পড়েছেন শিল্পমালিকরাও। রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোয় বায়ারদের অর্ডার বাতিল হওয়ার উপক্রম। শিল্প-কলকারখানার জন্য বরাদ্দকৃত গ্যাসের বেশির ভাগ বুধবার থেকে পাওয়ার প্ল্যান্টে সরবরাহ করায় এই মহাসংকটে পড়েছে দেশের পুরো শিল্প সেক্টর। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত কয়েক কোটি মানুষ ক্ষতির মুখে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, শিগ্গিরই সংকটের সমাধান না হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে ব্যবসা-বাণিজ্যসহ পুরো অর্থনীতি। যার নেতিবাচক প্রভাব কমবেশি সমাজের সব ক্ষেত্রে পড়বে।
এদিকে শিগ্গিরই সংকট নিরসনের কোনো আভাসও মিলছে না। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বস্ত হওয়ার মতো তেমন কোনো প্রতিশ্রুতি আসেনি। যদিও গ্যাসের এ সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। জ্বালানি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিগত সরকারগুলোর ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে পুরো জাতিকে। তবে এ সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রাতদিন কাজ করছেন। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কীভাবে, কত দ্রুত এ সমস্যার টেকসই সমাধান করা যায়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু সব সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভবও হচ্ছে না।
আজকের পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম ‘বাংলাদেশ - সৌদি রুটে বাড়ছে ফ্লাইট সপ্তাহে চলবে বাড়তি ৩৫ টি’
খবরে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে বড় ধরনের সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে । নতুন সমঝোতা অনুযায়ী দুই দেশের মধ্যে অনুমোদিত সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪ টিতে দাঁড়িয়েছে । অর্থাৎ সপ্তাহে বাড়তি ৩৫ টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে । পাশাপাশি থাকছে সপ্তাহে ২১ টি কার্গো ফ্লাইট পরিচালনার সুবিধা । গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক ) সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো . মোস্তফা মাহমুদ সিদ্দিক । বেবিচক চেয়ারম্যান বলেন , নতুন সমঝোতার আওতায় বাংলাদেশ ও সৌদি আরবের মনোনীত এয়ারলাইনসগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৮৪ টি যাত্রীবাহী
ফ্লাইট পরিচালনা করতে পারবে । বর্তমানে এর সংখ্যা ৪৯ টি । ফলে দুই দেশের ক্রমবর্ধমান যাত্রীর চাহিদা পূরণে বাড়তি ৩৫ টি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে । মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন , ‘ বাড়তি ফ্লাইটের অন্যতম সুবিধাভোগী হবেন হজ ও ওমরাহযাত্রীরা । বিশেষ করে হজ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাপ ও আসন সংকট মোকাবিলায় এই সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । একই সঙ্গে ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোর সক্ষমতা ও নমনীয়তা বাড়বে । ” সৌদি আরবে বসবাস ও কর্মরত প্রায় ৪০ লাখ বাংলাদেশিও নতুন এই সুবিধার সুফল পাবেন বলে মনে করছে বেবিচক । ফ্লাইটসংখ্যা বাড়ায় প্রবাসীদের দেশে আসা - যাওয়া আরও সহজ হবে ।
নয়াদিগন্তের শিরোনাম ‘সুগন্ধি চালের রফতানির কোটা কমাচ্ছে সরকার’ । এতে বলা হয়, দেশের বাজারে সুগন্ধি চালের (পোলাওজাতীয় চাল) চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কয়েক মাস আগেও প্রতি কেজি সুগন্ধি চাল ১৬০-১৭০ টাকা করে বিক্রি হয়েছে। এখন সেই চাল কেজি-প্রতি কিনতে হচ্ছে মান ভেদে ২০০ থেকে ২৫০ টাকা করে। ধারণা করা হচ্ছেÑ একশ্রেণীর মিল মালিক ও ব্যবসায়ীর কারসাজির কারণে সুগন্ধি চালের দাম এত বেড়ে গেছে। এই প্রেক্ষপটে এই চাল রফতানিতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আগে অনুমোদন দেয়া রফতানি কোটা পুনর্বিবেচনা করে তা কমানো বা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ ল্েয রফতানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো প্রকৃতপে কী পরিমাণ সুগন্ধি চাল বিদেশে পাঠিয়েছে, সে তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে জারিকৃত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে আগে দেয়া রফতানির অনুমোদনের পরিমাণ হ্রাস বা সমন্বয় করা প্রয়োজন। এ জন্য অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রকৃত রফতানির পরিমাণের বিস্তারিত তথ্য রফতানি-২ শাখায় জমা দিতে হবে।
ইত্তেফাকের শিরোনাম ‘মির্জা ফখরুল ইসলামই হচ্ছেন রাষ্ট্রপতি, ছাড়লেন মহাসচিব পদ’। এতে বলা হয়,
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকের শুরুতে তার এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। আজ এলজিআরডি মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করবেন তিনি।
বিকালে রাষ্ট্রপতি পদে নির্বাচনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান।
দেশে রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর— পাঁচ বছরে সর্বোচ্চ লোডশেডিং। এতে বলা হয়, গত পাঁচ বছরে তিন সরকারের একই দিনের বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও লোডশেডিংয়ের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এখন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে। দুই বছরের ব্যবধানে লোডশেডিং বেড়ে প্রায় ১৮ গুণ হয়েছে। আর পাঁচ বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৪৯.৫ গুণ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে দেখা যাচ্ছে, ২০২২ সালের ১০ই অগাস্ট দেশে লোডশেডিং ছিল ৫৫ মেগাওয়াট। পরের বছরে তা হয় ১১০ মেগাওয়াট। চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এই দিনে লোডশেডিং ছিল ১৫১ মেগাওয়াট; ২০২৫ সালে যা ছিল ৫৯ মেগাওয়াট। আর চলতি বছরের ১০ই অগাস্ট দেশে লোডশেডিং হয়েছে ২ হাজার ৭২২ মেগাওয়াট। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত ১০ই অগাস্ট রাত ১টা থেকে ২টা পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ লোডশেডিংয়ের সময়।
