টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ অজি গ্রেটরা

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ অজি গ্রেটরা

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইতিহাসে নিজেদের অন্যতম সেরা দিন কাটিয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিনে বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে সফরকারীরা। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলে ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক তারকাদের। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসান তারা। পেসবান্ধব কন্ডিশনের পুরো সুবিধা আদায় করে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন মিলে পুরো ১০ উইকেট তুলে নেন। টাইগার বোলারদের এই পারফরম্যান্স দেখে বিস্ময় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

তিনি বলেন, ‘আমি অনেক দলের বিপক্ষে খেলেছি এবং অনেক ক্রিকেট দেখেছি। অস্ট্রেলিয়ায় সফরকারী কোনো দলের বোলারদের শুরু থেকে এত নিখুঁত জায়গায় বল করতে দেখেছি বলে মনে পড়ে না।’ বাংলাদেশের বোলারদের প্রশংসা করে ওয়ার্নার বলেন, ‘তারা অবিশ্বাস্যভাবে ধারাবাহিক ছিল। অস্ট্রেলিয়ায় এসে এমনটা করা সহজ নয়, কিন্তু তারা সেটা করে দেখিয়েছে।’ বাংলাদেশের পারফরম্যান্সকে আরও বড় পরিসরে মূল্যায়ন করেছেন সাবেক লেগ স্পিনার কেরি ও’কিফ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন। অস্ট্রেলিয়ার মানুষকে বাংলাদেশ এই বার্তাই দিয়েছে যে, তারা খেলতে এসেছে। অনেকেই মনে করেছিল এই ম্যাচ বেশি দিন গড়াবে না, কিন্তু এখন পর্যন্ত প্রথম দিনটি বাংলাদেশই পরিষ্কারভাবে জিতেছে।’ বোলারদের পর বাংলাদেশের ব্যাটাররাও দারুণ খেলেছেন। সাদমান ইসলাম মিচেল স্টার্কের বলে ২০ রানে ফিরে গেলেও আর কোনো বিপদ হতে দেননি তানজিদ হাসান ও মুমিনুল হক। দু’জন অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে দিন শেষ করেন। প্রথম দিনে ১১ উইকেট পড়লেও পিচের সমস্যা দেখেন না অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মার্ক ওয়াহ। বরং বাংলাদেশের ব্যাটার ও বোলারদের কৃতিত্ব দেন তিনি।

ওয়াহ বলেন, ‘আমার মনে হয়, বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় দিনে এটি ভালো ব্যাটিং উইকেটে পরিণত হবে। যদিও আজকের উইকেটও মোটেও খারাপ ছিল না।’ ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে হাসান মাহমুদকে আলাদা করে প্রশংসায় ভাসান। তিনি বলেন, ‘ভারতে হাসান মাহমুদকে খেলতে দেখে মনে আছে, আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানা না থাকলেও বাংলাদেশ দলে যে যথেষ্ট গভীরতা আছে, সেটা তারা দারুণভাবে প্রমাণ করেছে। তারা অসাধারণ খেলেছে।’