শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্ক পেল ১০ কোটি ডলারের বিনিয়োগ

ফন্ট সাইজ:

শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্ক ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। ফাসানারা ক্যাপিটাল, জেমকর্প ক্যাপিটাল ও আমওয়াল ক্যাপিটাল পার্টনার্সের কাছ থেকে এই অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।
সিল্কের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক অর্থায়ন ব্যবস্থা ফিনার সম্প্রসারণে এই অর্থ ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে সৌদি আরবে ফিনার মাধ্যমে অর্থায়ন করা হবে। ব্যবসায়ীরা যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করেন, সেগুলোর মাধ্যমে সরাসরি অর্থায়নের সুযোগ তৈরি করে তাদের কার্যকর মূলধনের প্রাপ্যতা সহজ করাই এর লক্ষ্য।

উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ায় ব্যবসার জন্য ব্যবসার সঙ্গে সমন্বিত আর্থিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে শপআপ ও সৌদি আরবের সারি একীভূত হয়ে সিল্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্ল্যাটফর্মটি দুই অঞ্চলের তিন লাখের বেশি ব্যবসায়ীকে সেবা দিচ্ছে।

শপআপ জানিয়েছে, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি বাড়ানোর মাধ্যমেও আঞ্চলিক বাণিজ্যকে শক্তিশালী করার কাজ চলছে। এরই মধ্যে সৌদি আরব ও যুক্তরাজ্যে ৪৭০ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বাজারে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি করা হয়েছে।
সিল্কের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারি বলেন, ব্যবসায়ীদের এমন মূলধনের প্রয়োজন ছিল, যে মূলধন তাঁদের ব্যবসার ধরন বুঝে অর্থায়ন করতে পারে। সেই প্রয়োজন থেকেই ফিনা তৈরি করা হয়েছে। নতুন বিনিয়োগ আধুনিক ব্যবসায়ীদের উপযোগী আর্থিক অবকাঠামো তৈরির কাজ আরও এগিয়ে নেবে বলে তিনি আশা করেন।

সিল্ক মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ব্যবসার জন্য আর্থিক অবকাঠামো তৈরি করছে। সারি ও শপআপ একীভূতকরণের মাধ্যমে ২০২৫ সালে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্ম সরাসরি বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে অর্থায়ন প্রক্রিয়া যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

শপআপ দক্ষিণ এশিয়ার বৃহৎ বি-টু-বি কমার্স প্ল্যাটফর্ম। সমন্বিত বাণিজ্য, লজিস্টিকস ও ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে প্রস্তুতকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের ব্যবসা পরিচালনায় সহায়তা করে এই প্রতিষ্ঠান। এর নেটওয়ার্কে রেডএক্স ও মোকামের মতো ব্যবসাপ্রতিষ্ঠানও আছে।